শ্মশান থেকে কুড়িয়ে আনি পোড়া হাড়
সেগুলো দিয়ে গড়েছি আমার হৃদপিণ্ডের খাঁচা
তার মধ্যে পুরি পেসমেকার সহ হৃদপিণ্ড একটা
পোড়া মাংসের ছাইয়ে হাত দিয়ে দলা পাকানো,
আত্মঘাতী হওয়া জনৈকা নারীর হৃদপিণ্ড একটা....
বুকের মধ্যে রক্ত ছাঁকতে দিয়েছি আজ।
কবর থেকে তুলে আনা মাথাতে সাজাই কচুরিপানা
বেগুনি ফুল, শিকড়....
নিম্নাঙ্গে রেখেছি সরিষার তেলে জ্বালানো প্রদীপ একটা
ঐশ্বরিক উত্তাপ।
জন্মান্তরের উপাসনা সারি এভাবে আজ।
শ্মশান থেকে কুড়িয়ে আনি পোড়া হাড়....
মটর ফুলের সুরা কোশাতে তুলে ছুঁড়ে দিই ব্ল্যাকহোলের গলায়,
ছাড়ানো খাসির চামড়া গায়ে জড়িয়ে নিই আজ।
শিকে টাঙানো মাংস থেকে ঝরে পড়ে যে জল
আমি সেই রক্ত ভেজা জল ঠোঁটে জিভে বোলাই তৃষ্ণায়।
সাপের ছোবলে নীল হয়ে যাওয়া দুটো হাত,
ধারালো তলোয়ারে কাটা পড়ে যেটা বালিতে ছটকায়....
আমি সেই হাত দুটো সুঁই দিয়ে কাঁধে গেঁথে নিই আজ।
শ্মশান থেকে কুড়িয়ে আনি পোড়া হাড়।
শিশুর হাত থেকে ছিটকে যাওয়া ফাটা বেলুন দিয়ে গড়ি...
নশ্বর ফুসফুস আমার।
ছাগলের পেট থেকে সদ্য পড়া ফুলটা দিয়ে তৈরি হয়....
আমাদের বাসরের ধূপগন্ধী মালা।
এত আয়োজন বৃথা, মিতা
শুধু তোমায় ছাড়া।
★ লেখা : উপাসনা
★ কলমে : বিষফল (21.12.2024) 12.34 A.M






0 comments:
Post a Comment